হাসপাতাল থেকে কারাগারে মোবারক
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে (৮৪) গতকাল বৃহস্পতিবার সামরিক হাসপাতাল থেকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। ২০১১ সালের সরকারবিরোধী বিক্ষোভে নিহতের ঘটনায় আগামী মে মাসে তাঁর পুনর্বিচার শুরু হচ্ছে।মোবারকের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে গত বুধবার কারাগারে ফেরত পাঠানোর আদেশ দেন মিসরের সরকারি কৌঁসুলি। এরপর গতকাল কড়া নিরাপত্তার মধ্যে কায়রোর শহরতলি মাদির সামরিক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে তোরা কারাগারে নেওয়া হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সময় হাসপাতালের বাইরে মোবারকের শত শত সমর্থক জড়ো হয়ে তাঁকে কারাগারে নেওয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করে। ফলে মোবারককে কারাগারে নিতে কিছুটা বিলম্ব হয়।মোবারকের আইনজীবীরা জানান, হূদেরাগ, পাঁজরে ভাঙন, ফুসফুসে পানি, উচ্চ রক্তচাপসহ নানা সমস্যায় ভুগছেন মোবারক।মোবারকের পুনর্বিচার ১৩ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক মোস্তফা হাসান আবদুল্লাহ এদিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এ বিচারকার্য থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এবং মামলাটি আপিল বিভাগে হস্তান্তর করেন। এএফপি।