হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন জোট ইউপিএর শীর্ষ দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত সোমবার রাতে লোকসভা অধিবেশনে অসুস্থ বোধ করলে তাঁকে নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়।প্রায় পাঁচ ঘণ্টা হাসপাতালে রাখার পর চিকিৎসকেরা সোনিয়াকে বাড়িতে পাঠিয়ে দেন। তাঁরা বলেছেন, কয়েকটি ওষুধের প্রতিক্রিয়ায় তাঁর সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী বলেন, সোনিয়া গান্ধী এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দুশ্চিন্তার কিছু নেই। এআইআইএমএসের একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, সোনিয়ার কাশি ও মাথাব্যথা হয়েছিল। লোকসভায় অসুস্থ বোধ করার পর তিনি ওষুধ সেবন করেছেন। এরপর ইসিজিসহ স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক পাওয়া যায়। ৬৭ বছর বয়সী সোনিয়া সোমবার রাতে বুকে হালকা ব্যথা অনুভব করেন। তাঁকে এআইআইএমএস হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও কার্ডিও-নিউরো সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। বহুল আলোচিত খাদ্য নিরাপত্তা বিলটি তাঁর অনুপস্থিতিতেই পাস হয়। পিটিআই।