হাসপাতালে তৃতীয় দিন কাটালেন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা গতকাল শনিবার তৃতীয় দিনের মতো হাসপাতালে কাটিয়েছেন। তবে কর্তৃপক্ষ তাঁর সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলার সঙ্গে দেখা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ম্যান্ডেলার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি চাঙা আছেন। ফুসফুসের সংক্রমণের জন্য গত বুধবার রাতে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় প্রেসিডেন্ট জুমা বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।আশির দশকে রোবেন দ্বীপে বন্দী থাকার সময় যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ম্যান্ডেলা। বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেকেই তাঁকে দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে সম্মান দেখান। এএফপি ও বিবিসি।