হাসপাতালে মধ্যরাতে আগুন, ২১ রোগী-নার্সের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২০ জন রোগী ও একজন সেবিকা (নার্স) নিহত হয়েছেন। রাজধানী সিউল থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জানসেউং কাউন্টির হাইয়োসারাং হাসপাতালে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া আগুনে পুড়ে আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ব্যক্তিদের বয়স ৭০ থেকে ৮০-এর মধ্যে। তাঁদের বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না।

কর্মকর্তারা জানান, হাসপাতালের বর্ধিত তিনতলা ভবনে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে আগুন নেভানো সম্ভব হলেও বেশির ভাগ রোগী আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

কয়েকটি বার্তা সংস্থার খবরে বলা হয়, ভবনের ওপর তলার কক্ষগুলো আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় অনেক রোগী বের হতে পারেননি।

বার্তা সংস্থা এএফপি জানায়, যে সেবিকা মারা গেছেন, তিনি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। পুলিশের বরাত দিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, সম্প্রতি ওই ভবনটির নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হয়েছে।

হাসপাতালের একজন পরিচালক লি হুয়াং সিওক এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মহাপাপ করেছি...যখন অনেকগুলো প্রাণের অবসান ঘটে, সেখানে কোনো অজুহাত খাটে না।’

সম্প্রতি দেশটিতে ফেরিডুবির ঘটনায় প্রাণ হারিয়েছে ৩০০-এর বেশি মানুষ। ওই ঘটনার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী চাং হং-উন। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়ে।