হাসপাতালে ম্যান্ডেলা ‘ভালো আছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ভর্তি হওয়ার পর শনিবার রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তিনি দৃশ্যত ভালো আছেন।গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলাকে দেখে এসে সাংবাদিকদের এ কথা বলেন।ম্যান্ডেলার কারাবাসের সময়কার সঙ্গী ম্যাক মহারাজ এর আগে জানান, ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের প্রতিবেদন হাতে পাওয়ার পর তিনি বিবৃতি দেবেন। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ম্যান্ডেলা। গত জানুয়ারিতে বুকের সংক্রমণের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তাঁর বয়স ৯৪ বছর।দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে, রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে ওয়ান মিলিটারি হসপিটালে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ম্যান্ডেলা ভালো আছেন। সেখানে তাঁর ‘বয়সজনিত’ শারীরিক সমস্যার পরীক্ষা হয়েছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।২০১০ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। ওই টুর্নামেন্টের পর থেকে ম্যান্ডেলাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাধারণ জীবন থেকে আড়ালে চলে যাওয়া ম্যান্ডেলা বর্তমানে তাঁর শৈশব কাটানো প্রত্যন্ত শহর ইস্টার্ন কেপের বাড়িতে বসবাস করছেন। এএফপি।