হাসপাতালে ম্যান্ডেলার এক মাস, অবস্থা এখনো আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালের বাইরে ম্যান্ডেলার ছবি-সংবলিত মোমবাতি হাতে তাঁর রোগমুক্তি কামনায় এক ভক্ত ষ ছবি: রয়টার্স
প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালের বাইরে ম্যান্ডেলার ছবি-সংবলিত মোমবাতি হাতে তাঁর রোগমুক্তি কামনায় এক ভক্ত ষ ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তির এক মাস পূর্ণ হলো গতকাল ৭ জুলাই। তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, তবে স্থিতিশীল। তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে (৯৪) ফুসফুসের সংক্রমণজনিত কারণে ৮ জুন ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, ম্যান্ডেলার অঙ্গপ্রত্যঙ্গের ক্রিয়া বড় পরিসরে বন্ধ না হয়ে গেলে লাইফ সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হবে না। এদিকে, দেশটির ঐতিহ্যবাহী রাজা বায়েলেখায়া দালিনদায়েবো বলেছেন, মৃত্যুর পর ম্যান্ডেলাকে কোথায় সমাহিত করা হবে—এ নিয়ে ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা বিতর্ক সৃষ্টি করে পরিবারের সম্মানহানি করেছেন। এ জন্য গ্রামপ্রধানের পদ থেকে মান্ডলাকে সরিয়ে দেওয়া হবে। গতকাল রোববার দেশটির সিটি প্রেস পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়।

বায়েলেখায়া দালিনদায়েবো আদিবাসী থেমবু গোত্রের রাজা। ম্যান্ডেলার পরিবার একই গোত্রের অন্তর্ভুক্ত। তাঁর গোত্রের নাম মাদিবা। রাজা বায়েলেখায়া গতকাল সিটি প্রেসকে বলেন, ‘মান্ডলা মাদিবা পরিবারের অবৈধ উত্তরাধিকারী নয়। অথচ সে রাষ্ট্রীয় টেলিভিশনে মাদিবার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পারিবারিক সুনাম বিনষ্ট করেছে। এতে আমারও মানহানি হয়েছে। তাকে চিঠি লিখি জানিয়ে দেব, আমার ইচ্ছা, গ্রামপ্রধানের দায়িত্ব থেকে সে সরে দাঁড়াক।’

ম্যান্ডেলা ২০০৭ সালে নাতি মান্ডলাকে এমভেজো গ্রামের প্রধান করেন। রাজার এক মুখপাত্র দক্ষিণ আফ্রিকার সানডে টাইমসকে গতকাল বলেছেন, মান্ডলাকে গ্রামপ্রধান করার ওই প্রক্রিয়া সঠিক ছিল না। পত্রিকাটির খবরে আরও বলা হয়, মান্ডলাকে গ্রামপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য অন্য গ্রামপ্রধানেরা রাজার ওপর চাপ সৃষ্টি করেছেন। এর আগে রাজা দালিনদায়েবো অভিযোগ করেন, মান্ডলা তাঁর কর্তৃত্ব জবরদখলের চেষ্টা করছেন। এর জবাবে মান্ডলা বলেন, ‘আমি এমন অশিক্ষিত লোকদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না, যারা অজ্ঞতার কারণে বিষয়গুলো বুঝতে পারেন না।’ যাই হোক, রাজপরিবার কোনো গ্রামপ্রধানকে অপসারণের ক্ষমতা রাখে না। তবে অপসারণের জন্য সরকারের কাছে সুপারিশ করতে পারে। সরকারই কেবল কাউকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাখে। এদিকে মান্ডলার আইনজীবী বলেছেন, মাদিবার শারীরিক অবস্থা নিয়ে আদালতে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করায় মাদিবা পরিবারের আইনজীবীদের বিরুদ্ধে আইনজীবী সমিতি ও বার কাউন্সিলে অভিযোগ দেওয়া হবে। এএফপি ও রয়টার্স।