হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রজনীকান্ত
ভারতের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র-অভিনেতা রজনীকান্তকে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে সেখানে নেওয়া হয়। অসুস্থ বোধ করায় গত শুক্রবার তাঁকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, ৬১ বছর বয়সী এই তামিল অভিনেতার নিউমোনিয়া হয়েছে। এ ছাড়া তিনি কিডনি রোগে ভুগছেন। গত বুধবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে একটি বিশেষ ওয়ার্ডে নেওয়া হয়। সেখান থেকে গতকাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, রজনীকান্ত চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে। সার্বক্ষণিক তাঁর অবস্থা লক্ষ রাখতে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।রজনীকান্ত গত মাসে শেষের দিকে তাঁর নতুন ছবি রানার শুটিং শুরুর প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েন। এই নিয়ে তাঁকে দুইবার হাসপাতালে ভর্তি করা হয়। এএফপি।