হায়দরাবাদের মর্যাদা নিয়ে চলছে টানাহেঁচড়া
দক্ষিণ ভারতে অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের পর বর্তমান প্রাদেশিক রাজধানী হায়দরাবাদকে নিয়ে টানাহেঁচড়া চলছে। কেন্দ্রীয় সরকারের পর্যটনমন্ত্রী কে চিরঞ্জীবী হায়দরাবাদকে কেন্দ্রশাসিত ‘ইউনিয়ন টেরিটরি’ অথবা উভয় রাজ্যের স্থায়ী রাজধানী করার পক্ষে অবস্থান নিয়েছেন।অন্যদিকে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) প্রধান চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা এ প্রস্তাবের কোনোটিই মানবেন না।এখন পর্যন্ত কে চিরঞ্জীবীই একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী, যিনি হায়দরাবাদের ইউনিয়ন টেরিটরি মর্যাদার পক্ষ নিলেন।ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক দুটি রাজ্য (তেলেঙ্গানাসহ) গঠিত হলে হায়দরাবাদ আগামী ১০ বছরের জন্য উভয়ের রাজধানী থাকবে। এই সময়ে অন্ধ্র প্রদেশের জন্য নতুন রাজধানী গড়ে তোলা হবে। তারপর থেকে হায়দরাবাদ নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের একক রাজধানী থাকবে।অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল রাজ্যের তেলেঙ্গানা অঞ্চলের বাসিন্দারা। কংগ্রেস সম্প্রতি সেই দাবি পূরণের রূপরেখা ঘোষণা করে। এতে করে তেলেঙ্গানা অঞ্চলের মানুষ খুশি হলেও রাজ্যের সিমান্ধ্র নামে পরিচিত রায়ালসিমা ও উপকূলীয় অন্ধ্র এলাকার মানুষ এর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জটিলতা শুরু হয়েছে। পাশাপাশি হায়দরাবাদের মর্যাদা কী হবে তা নিয়েও জটিলতা রয়েছে। হায়দরাবাদ তেলেঙ্গানা অঞ্চলের মধ্যে পড়েছে। কিন্তু কেউই এর দাবি ছাড়তে চাইছে না।অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক রাজ্য করার প্রতিবাদে সিমান্ধ্র এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী চিরঞ্জীবী গত শনিবার রাতে নয়াদিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। চিরঞ্জীবী হায়দরাবাদকে কেন্দ্রশাসিত ‘ইউনিয়ন টেরিটরি’ অথবা উভয় রাজ্যের স্থায়ী রাজধানী করার পক্ষে মত দেন।তবে হায়দরাবাদকে ইউনিয়ন টেরিটরি বা উভয় রাজ্যের জন্য স্থায়ী রাজধানী করা হলে তা তেলেঙ্গানা অঞ্চলের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) নেতা চন্দ্রশেখর রাও। শনিবার হায়দরাবাদে তেলেঙ্গানা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রাও। তবে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী অন্ধ্র প্রদেশের সরকার যদি হায়দরাবাদে থেকে আগামী ১০ বছরের জন্য কার্যক্রম চালায়, তাতে তাঁর দলের কোনো আপত্তি নেই। তবে সে ক্ষেত্রে হায়দরাবাদের প্রশাসন তেলেঙ্গানা রাজ্যের মাধ্যমে পরিচালিত হতে হবে।চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা নিয়ে নিজের স্বপ্নের বিষয়ে বলেন, ১৯৫৬ সালে তেলেঙ্গানাকে অন্ধ্র প্রদেশের সঙ্গে একীভূত করার পর থেকেই তেলেঙ্গানার মানুষের প্রতি অবিচার করা হয়েছে। তিনি এখন তেলেঙ্গানার মানুষের মুখে হাসি দেখতে চান। আইএএনএস ও টাইমস অব ইন্ডিয়া।