হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার আহ্বান ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বনেতাদের উচিত লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেওয়া। বুলগেরিয়ায় গত বছর ভয়াবহ এক গাড়িবোমা হামলার জন্য দেশটির কর্তৃপক্ষ হিজবুল্লাহকে দায়ী করার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু এ কথা বলেন।ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক’ তৈরি করেছে এবং তারা ২৪টির মতো দেশে হামলার পরিকল্পনা করছে। তাঁর এই বক্তব্যের আগে বুলগেরিয়া বলেছে, গত বছরের জুলাই মাসে বুরগাসে ওই শিয়া গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরাই বোমা হামলা চালায়।কৃষ্ণসাগর-তীরবর্তী অবকাশস্থলে চালানো ওই হামলায় পাঁচজন ইসরায়েলি পর্যটক ও একজন বাসচালক নিহত হন। হামলায় আহত হয় আরও প্রায় ৩০ জন। তাৎক্ষণিকভাবে ইসরায়েল হামলার জন্য হিজবুল্লাহ ও ইরানকে দায়ী করে।ইতিমধ্যে কানাডা সরকার বলেছে, বোমা হামলাটিতে কানাডা ও লেবাননের দ্বৈত নাগরিকত্বের অধিকারী এক ব্যক্তি জড়িত।তবে ইরান দৃঢ়ভাবে এ ধরনের কোনো হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ বিষয়ে হিজবুল্লাহ কোনো প্রতিক্রিয়া জানায়নি।হামলার ঘটনাটি নিয়ে বুলগেরিয়ার ওই বক্তব্যের পর পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ইরান ও হিজবুল্লাহ যে বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে, আমরা সেটি জানি। এই হামলা এর আরেকটি প্রমাণ। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার এখনই সময়, যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলমনে করে, হিজবুল্লাহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্যহুমকি। এ কারণে দেশ দুটি বরাবরই হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার পক্ষে। বিবিসি।