হিজবুল্লাহপ্রধানের জন্য লেবাননি গায়িকার 'প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান নসরুল্লাহ
হাসান নসরুল্লাহ

লেবাননের হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহর প্রতি ‘ভালোবাসা’ প্রকাশ করেছেন আরব বিশ্বের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাইরৌজ। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
নসরুল্লাহর প্রতি ফাইরৌজের ভালোবাসার বিষয়টি প্রকাশ করেন তাঁর ছেলে গীতিকার জিয়াদ রাব্বানি। তিনি একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর মা ‘সৈয়দকে খুব বেশি ভালোবাসেন।’ ‘সৈয়দ’ হচ্ছে শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহর সাধারণ সম্পাদক হাসান নসরুল্লাহর উপাধি।

ফাইরৌজ
ফাইরৌজ

হিজবুল্লাহকে মার্কিন পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও সংগঠনটি লেবাননের রাজনীতিতে বেশ প্রভাবশালী। একটি আধা সামরিক বাহিনী পরিচালনার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ সংগ্রামে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহকে অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দেখা হয়। সিরিয়ায় সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে লড়তেও যোদ্ধাদের পাঠিয়েছে হিজবুল্লাহ।
জিয়াদের ওই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় লেবাননে। তবে তিনি নিজের অবস্থান পাল্টাননি। বরং হিজবুল্লাহপন্থী সংবাদ চ্যানেল মায়াদিনকে আরেক সাক্ষাৎকারে জিয়াদ বলেন, ‘যারা ফাইরৌজ ও নসরুল্লাহকে আক্রমণ করছে, তারা ইসরায়েলকে সমর্থন করছে।’ বৈরুতে ১৯৩৫ সালে অর্থোডক্স খ্রিষ্টান পরিবারে ফাইরৌজের জন্ম। লস অ্যাঞ্জেলেস টাইমস।