হিটলারের আরেক ভারতীয় বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪১ সালে এডলফ হিটলারের সঙ্গে দেখা করেছিলেন সুভাষ চন্দ্র বোস। ভারতের স্বাধীনতার পক্ষে হিটলারের সমর্থন আদায়ে তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। এত দিন ভারতের বেশির ভাগ মানুষ জানত, তিনিই ছিলেন হিটলারের একমাত্র ভারতীয় বন্ধুজন। কিন্তু হিটলারের আরও একজন গোপন ভারতীয় বন্ধু ছিলেন। তিনি হলেন, বরোদার সাবেক মহারাজা সায়াজিরাও গায়কোয়াড়। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকের সময় তিনি হিটলারের সঙ্গে দেখা করেন। তাঁরও উদ্দেশ্যছিল ভারতের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়। গায়কোয়াড়ের জীবনী নিয়ে লেখা একটি নতুন বইয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মারাঠি ভাষায় বইটি লিখেছেন দামোদার নেনি। সায়াজিরাও গায়কোয়াড় চি বায়োগ্রাফি নামের এ বইটি পুনে থেকে প্রকাশিত হয়েছে। বইটিতে বলা হয়েছে, গায়কোয়াড়ের ব্যক্তিগত সহকারী বিষ্ণু নেনি জার্মানিতে গিয়ে গোপন এ বৈঠকের আয়োজন করেছিলেন। লেখক দামোদার নেনি হলেন বিষ্ণু নেনির ছেলে। বইটিতে উল্লেখ করা হয়েছে, হিটলারের সঙ্গে গায়কোয়াড় একটি গোপন চুক্তি সই করেছিলেন। ভারতের স্বাধীনতার পক্ষে হিটলারের সমর্থন আদায়ই ছিল এ চুক্তির প্রধান লক্ষ্য। দামোদার নেনি বলেন, ‘গায়কোয়াড় বিশ্বাস করতেন, শত্রুর শত্রু হলো বন্ধু। তাই তিনি হিটলারের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রিটেন যাতে কোনো সন্দেহ না করে, সে জন্য বার্লিন অলিম্পিকে যাওয়ার ব্যাপারে ব্রিটিশদের অনুমতি নিয়েছিলেন তিনি।’ ধারণা করা হচ্ছে, হিটলারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে গায়কোয়াড় ইউরোপে যুদ্ধ বেধে গেলে ভারতের পক্ষ থেকে হিটলারকে সমর্থন দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছিলেন। দামোদার নেনি বলেন, ওই চুক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেধে গেলে হিটলারকে ভারতের পক্ষ থেকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন গায়কোয়াড়। বিনিময়ে ভারতের স্বাধীনতা অর্জনে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন হিটলার। চুক্তিটি খুবই গোপনে করা হয়েছিল এই কারণে, যাতে ব্রিটেন এটিকে কোনো প্রতারণা ভেবে না বসে। বইটিতে আরও বলা হয়েছে, চেম্বার অব প্রিন্সেসের চ্যান্সেলর হিসেবে গায়কোয়াড় চুক্তিটি সই করেছিলেন। চুক্তির ব্যাপারে চেম্বারের সব সদস্যের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। ১৯২০ সালে ব্রিটেনের এক রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতের চেম্বার অব প্রিন্সেস প্রতিষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যের শাসকেরা ছিলেন এ চেম্বারের সদস্য। তাঁরা এ চেম্বারের মাধ্যমে তাঁদের অভাব-অভিযোগ ব্রিটিশদের কাছে উত্থাপন করতেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের আগ পর্যন্ত এ চেম্বার টিকে ছিল। মারাঠা শাসক গায়কোয়াড় বার্লিন অলিম্পিকে অংশ নেওয়ার জন্য একদল খেলোয়াড়কেও পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি খেলোয়াড়দের বরোদার প্রতিনিধি হিসেবে উপস্থাপনের জন্য অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের গেরুয়া পতাকা বহনের নির্দেশ দেন। দামোদার নেনি বলেন, ১৯৩৯ সালে গায়কোয়াড় মারা যাওয়ার পর চুক্তিটি সম্পর্কে সবাই ভুলে যায়। টাইমস অব ইন্ডিয়া।