হিটলারের বড়দিন উদযাপনের দুর্লভ আলোকচিত্র
জার্মানির সাবেক নাৎসি নেতা হিটলার বিশ্বাস করতেন, তাঁর সাম্রাজ্যের এক হাজার বছরের ইতিহাসে ধর্মের কোনো স্থান নেই। তাই তিনি সেন্ট নিকোলাসের প্রতিকৃতি সরিয়ে দেবতা ওডিনয়ের মূর্তি স্থাপন করেছিলেন। একই সঙ্গে তাঁর অনুসারীদের আহ্বান জানিয়েছিলেন বড় দিনের পরিবর্তে শীতকালের সবচেয়ে ছোট দিনটিকে উৎসবের দিন হিসেবে উদযাপন করতে।কিন্তু সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি আলোকচিত্র থেকে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়েও বড়দিন উদ্যাপন করেছেন হিটলার ও তাঁর ঘনিষ্ঠজনেরা। দুর্লভ এই ছবিগুলো ক্যামেরাবন্দী করেছিলেন হিটলারের অন্যতম কাছের আলোকচিত্রী হুগো জায়েগার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পতন যখন অবশ্যম্ভাবী, সেই সময় তিনি ছবিগুলো লুকিয়ে ফেলেছিলেন। পরে সেগুলো তিনি মার্কিন সাময়িকী লাইফ-এর কাছে বিক্রি করেন। চলতি সপ্তাহে সাময়িকীটি সেগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে।ওই সাময়িকীতে প্রকাশিত ১৯৪১ সালের ১৮ ডিসেম্বর তোলা একটি ছবিতে দেখা গেছে, হিটলার ও তাঁর সঙ্গী জার্মানির মিউনিখ শহরের একটি রেস্তোরাঁয় বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পানাহার করছেন। আরেকটি ছবিতে দেখা গেছে, বড়দিন উপলক্ষে বিয়ার-ভর্তি পানপাত্র সামনে নিয়ে বসে আছেন নাৎসি সেনারা।১৯৪৪-৪৫ সালের দিকে নাৎসিরা বড়দিনের উৎসব আবার ফিরিয়ে আনার চেষ্টা করে। সে সময় তারা স্বস্তিকা চিহ্নের আকৃতিতে বিস্কুট ও কেক তৈরি করত এবং ক্রিসমাস ট্রি নাৎসি বাহিনীর প্রতীক দিয়ে সাজাত। ডেইলি মেইল অনলাইন।