হিটলারের সেই বাংকারের ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাৎসি জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলার জীবনের শেষ দিনগুলোতে যে বাংকারে লুকিয়ে কাটিয়েছেন, তার অপ্রকাশিত কিছু ছবি প্রকাশ করা হয়েছে। লাইফ ডটকম প্রথমবারের মতো ছবিগুলো প্রকাশ করে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে।হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে বার্লিনের এক বাংকারে থাকতেন। যুদ্ধে পরাজয় আসন্ন জেনে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল স্ত্রীসহ তিনি ওই বাংকারে আত্মহত্যা করেন। প্রকাশিত সাদা-কালো ছবিগুলোতে ক্ষমতাধর একজন একনায়কের শেষ জীবনের বেশ অগোছালো ও সাদামাটা জীবনযাপনই উঠে এসেছে।যুদ্ধের শেষ দিকে জার্মানির নিয়ন্ত্রণ নিতে বার্লিনে নাৎসি বাহিনীর সঙ্গে প্রায় দুই সপ্তাহ সোভিয়েত বাহিনীর প্রচণ্ড লড়াই চলছিল। তা ছাড়া ১৯৪০ সালের আগস্ট থেকে ১৯৪৫ সালের মার্চ—এই পাঁচ বছরে বার্লিনে অন্তত ৩৫০ বার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র, রয়্যাল এয়ারফোর্স ও সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে বার্লিনের হাজার হাজার বেসামরিক মানুষ মারা যায়। ধ্বংস হয়ে যায় সেখানকার অগণিত ভবন, অ্যাপার্টমেন্ট, সরকারি অফিস ও সামরিক স্থাপনা। চাকচিক্যের বার্লিন পরিণত হয় ভুতুড়ে নগরে। বলতে গেলে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব সেখানে ছিল না। চারদিকে পড়েছিল নিশ্চল মরদেহ। বাতাসে ছড়াচ্ছিল মানুষের দেহপচা উৎকট গন্ধ।ডেইলি মেইল-এর খবরে বলা হয়, হামলা থেকে বাদ যায়নি হিটলারের বাংকারটিও। বার্লিন পতনের পর মিত্রবাহিনীর বোমা ও রাশিয়ার আগ্নেয়াস্ত্রে ক্ষতিগ্রস্ত বাংকারটির ইট-সুরকি সরিয়ে প্রথম পশ্চিমা আলোকচিত্রী উইলিয়াম ভ্যান্ডিভার্ড (৩৩) ভেতরে যান। এরপর তিনি ওই বাংকারের ভেতরকার নানা ছবি তোলেন। সেই সময়কার অভিজ্ঞতা সম্পর্কে ভ্যান্ডিভার্ড বলেন, ‘একটিমাত্র মোমের আলোয় এই ছবিগুলো তোলা হয়েছিল। আমরা সেখানে ঢোকার ৪০ মিনিটের মধ্যেই সবাই হুড়মুড় করে সেখানে ঢুকে পড়েন।’একটি ছবিতে দেখা যাচ্ছে, বাংকারের যে সোফায় হিটলার (৫৬) ও ইভা (৩৩) ঘুমাতেন, যুদ্ধকালীন প্রতিবেদকেরা তা পরীক্ষা করে দেখছেন। সোফার ফেব্রিকে লেগেছিল গুলিতে আত্মহত্যার পর ছিটকে পড়া ছোপ ছোপ রক্ত। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বাংকারের পাঠকক্ষের দেয়ালে শোভা পাওয়া ইতালি থেকে লুট করে আনা ষোড়শ শতকের একটি চিত্রকর্ম।ছবিগুলো দেখে বেশির ভাগ ইতিহাসবিদ একটা বিষয়ে মোটামুটি নিশ্চিত যে হিটলার গুলিতে আত্মহত্যা করলেও তাঁর স্ত্রী ইভা বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন। তার মানে সোফায় যে রক্ত ছিল, তা হিটলারের হতে পারে। পিটিআই।