হিথরো বিমানবন্দরে তৃতীয় রানওয়ের অনুমোদন
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরের ধারণক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে তৃতীয় রানওয়ের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার এক বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ক্রিস গ্রেলিং সিদ্ধান্তটিকে ‘সময়োপযোগী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টিতে সহায়ক হবে।
ব্যবসায়িক সমাজ এবং সংগঠনের বিরাট একটি অংশও মনে করছে, এ সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের লাভ হবে। দেশটির ন্যাশনাল ট্রেড ইউনিয়ন সেন্টারের (টিইউসি) মহাসচিব ফ্রান্সেস ও’ গ্র্যাডি বলেছেন, যুক্তরাজ্যের জন্য এ সিদ্ধান্ত ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। আর কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজের (সিবিআই) প্রধান পল ড্রেশলার বলেছেন, হিথরো বিমানবন্দর সম্প্রসারণের সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক উন্নতি সাধিত হবে এবং নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে।
তবে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সরকারের এ সিদ্ধান্তের পক্ষে নন। লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, লন্ডন এবং যুক্তরাজ্যের জন্য শহরের পশ্চিমাঞ্চলীয় এ বিমানবন্দর সম্প্রসারণে সরকারের সিদ্ধান্ত ভুল। আর যুক্তরাজ্যে গ্রিনপিসের প্রধান জন সাউভেন বলেছেন, হিথরো বিমানবন্দরের এ সম্প্রসারণ বায়ুদূষণ বাড়াবে এবং তা ‘সময়, অর্থ ও জীবনের অপচয়’ বলে প্রতীয়মান হবে।
বহু বছর ধরেই ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাংশে বিমানবন্দর সম্প্রসারণের বিষয়টি বড় ধরনের রাজনৈতিক ইস্যু।