হিথ্রোতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট পরীক্ষার জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষার বিষয়টি ব্যাপক সমালোচিত হয়েছে। কয়েক দিন ধরে অভিবাসন কর্মকর্তাদের কাছে পাসপোর্ট পরীক্ষার জন্য যাত্রীদের কয়েক ঘণ্টা পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর অন্যতম হিথ্রোর পরিচালনাকারী কর্তৃপক্ষ বিএএ বলেছে, গত শুক্রবার সন্ধ্যায় দেখা যাওয়া যাত্রীর দীর্ঘ লাইন রাতের মধ্যে হালকা হয়ে যায়। বিএএর একজন মুখপাত্র বলেন, ৫ নম্বর টার্মিনালে গতকাল শনিবার সকালে তেমন ভিড় ছিল না। বিমানবন্দরে যাত্রীদের এই ভোগান্তির ব্যাপারে ব্রিটিশ অভিবাসনমন্ত্রী ডেমিয়েন গ্রিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন দেশটির এমপিরা। সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘সীমান্তবিষয়ক নিরাপত্তার বিষয়ে আমরা আপস করব না। কিন্তু আমরা চাই, মানুষের ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হোক।’সারা বিশ্ব থেকে যাতায়াতকারী অসংখ্য যাত্রীর এ রকম ভোগান্তির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সিলেকশন কমিটির চেয়ারম্যান কিথ ভাজ বলেন, ‘এতে আমাদের দেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।’ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিপুলসংখ্যক যাত্রীর অনুপাতে গত বৃহস্পতিবার পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে নিয়োজিত কর্মীর সংখ্যা ছিল খুবই কম। বিবিসি।