হিথ্রোয় আট ঘণ্টা আটকা যোগগুরু রামদেব

যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে আট ঘণ্টা আটকে থাকার পর আজ শনিবার সেখান থেকে ছাড়া পেয়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। কাস্টমসের কর্মকর্তারা তাঁকে আটকে রেখেছিলেন। বার্তা সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।
রামদেবের মুখপাত্র এস কে তেজারাওয়ালা জানান, বিমানবন্দরে তাঁকে কোনো জিজ্ঞাসাবাদ বা তাঁর জিনিসপত্রে তল্লাশি চালানো হয়নি। তবে ওই ঘটনায় স্বামীজির হয়রানি হয়েছে।
জানা গেছে, বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা রামদেবকে ব্যবসায়িক ভিসার পরিবর্তে পরিদর্শন ভিসায় যুক্তরাজ্য ভ্রমণ করা নিয়ে প্রশ্ন করেছেন। এ ছাড়া সঙ্গে থাকা কিছু ওষুধপত্রের ব্যাপারেও তাঁকে প্রশ্ন করা হয়।
গুরুর মুখপাত্র তেজারাওয়ালা বলেন, জীবনে কোনো অপরাধ বা অবৈধ কাজ না করা সত্ত্বেও কেন তাঁকে আটক করা হয়েছে, সে ব্যাপারে তিনি (রামদেব) অভিবাসন কর্তৃপক্ষকে একাধিকবার জিজ্ঞাসা করেন। তবে কর্তৃপক্ষ নীরব থাকে। তাঁর সঙ্গে কেবল চার সেট কাপড় এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলনসংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য এবং সংস্কৃত ও হিন্দি ভাষার বেদমন্ত্রসংবলিত একটি ডায়েরি ছিল।
এক বিবৃতিতে মুখপাত্র আরও বলেন, এটি ১২৫ কোটি ভারতীয় নাগরিকের মর্যাদা ও সম্মানে বড় ধরনের আঘাতের ঘটনা।