হিনার বিয়ের সনদ চেয়েছেন নির্বাচন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে তাঁর বিয়ের সনদ জমা দিতে বলেছেন দেশটির এক নির্বাচনী কর্মকর্তা। গতকাল রোববার প্রকাশিত সে দেশের দ্য ডন পত্রিকার এক খবরে এ কথা বলা হয়। খবরে বলা হয়, জাতীয় পরিষদের আসন্ন নির্বাচনে হিনা রাব্বানি কোট আদ্দু আসনে পাকিস্তান পিপলস পার্টির টিকিটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত শনিবার তাঁর মনোনয়নপত্রের কাগজপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা (আরও) আবদুর রেহমান বোদলা। হিনা মনোনয়নপত্রের কাগজপত্রে উল্লেখ করেছেন, তাঁর স্বামী ফিরোজ গুলজারের সাড়ে তিন কোটি রুপি দেনা রয়েছে।মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ শুনানিতে শনিবার নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন হিনা। সংক্ষিপ্ত শুনানি শেষে হিনাকে বিয়ের সনদ জমা দিতে নির্দেশ দেন ওই নির্বাচনী কর্মকর্তা। হিনা তাঁর বিয়ের সনদ উপস্থাপনে রাজি হয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের প্রশ্নের ধরন নিয়ে পাকিস্তানের গণমাধ্যম, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক দলগুলো সমালোচনায় ফেটে পড়ে। গতকাল মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে হিনার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ডন।