হিন্দু পুরোহিতদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করছে মালয়েশিয়া
মালয়েশীয় সরকার সেদেশেহিন্দু পুরোহিতদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করছে। সেখানকার মন্দিরগুলোতে কর্মরত বিদেশি পুরোহিতদের সংখ্যা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার মালয়েশীয় পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।মানবসম্পদবিষয়ক মন্ত্রী এস সুব্রামানিয়ামের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষিত ও সনদ পাওয়া পুরোহিতেরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। মন্ত্রী বলেছেন, ‘প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের আগে পুরোহিতদের জন্য কোনো মান যাচাইয়ের ব্যবস্থা ছিল না। এখন আমরা তাঁদের প্রশিক্ষণ ও পৌরহিত্য করার ক্ষেত্রে নিয়মনীতি চালু করার ব্যবস্থা করছি।’হিন্দু পুরোহিতদের মালয়েশিয়ায় আসার ব্যাপারে ২০০৮ সালে আরোপিত একটি সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সরকারের পক্ষ থেকে এই প্রশিক্ষণকেন্দ্র চালু করার ঘোষণা দিলেন মন্ত্রী সুব্রামানিয়াম। তিনি ক্ষমতাসীন জোটের শরিক দল মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেসের (এমআইসি) মহাসচিব।সুব্রামানিয়াম পত্রিকাটিকে জানান, সরকারি অর্থায়নে স্থাপিত প্রশিক্ষণকেন্দ্রটি হিন্দু প্রিস্ট অ্যাসোসিয়েশন পরিচালনা করবে। এখান থেকে পুরোহিতদের প্রশিক্ষণ, মান যাচাই ও সনদ প্রদানের ব্যবস্থা থাকবে। মালয়েশিয়ায় তিন হাজার মন্দির রয়েছে এবং সেগুলোতে প্রায় সাড়ে ৩০০ ভারতীয় পুরোহিত নিয়োজিত রয়েছেন। এএফপি।