হিমাচলে বাস খাদে, নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে ১৭ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে প্রদেশের সিরমাউর জেলার মিল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২১ জন। পার্শ্ববর্তী পাঁওতা মহকুমা হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
সিরমাউর জেলার পুলিশ সুপার সুমেধা জানিয়েছেন, বাসটি মিল্লা থেকে পাঁওতা সাহিব যাচ্ছিল। বাঁক নিতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যায় বাসটি। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে ১৭টি লাশ উদ্ধার করে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।