হিমালয়ের বরফ গলছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের হিমবাহগুলো গলছে না। বরং এসব হিমবাহে বরফের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও পোস্টড্যাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই চমকপ্রদ তথ্যটি বেরিয়ে এসেছে। উষ্ণতা বৃদ্ধির কারণে আগামী ২৫ বছরের মধ্যে হিমালয় অঞ্চলের সব বরফ গলে যাবে বলে ২০০৭ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে যে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল, মার্কিন বিজ্ঞানীদের সাম্প্রতিক এই তথ্য জাতিসংঘের ওই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিল।মার্কিন গবেষকেরা হিমালয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের কারাকোরাম এলাকার পাসু হিমবাহে গবেষণা করে দেখতে পান, সেখানে উষ্ণতার কারণে বরফ গলেনি, বরং আরও বরফ জমার কারণে ওই হিমবাহে বরফের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এই হিমবাহ ছাড়াও মার্কিন গবেষক বুডু বুকহেগেন, ড্রিক শার্লার ও ম্যানফ্রেড স্ট্রিকার হিমালয় অঞ্চলের ভুটান থেকে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য এলাকার ২৮৬টি হিমবাহের ওপর গবেষণা চালান। তাঁদের গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই এলাকার কোনো কোনো হিমবাহ কিছুটা নিচে নেমে এসেছে। তবে সেটা জলবায়ু পরিবর্তনজনিত বরফ গলার কারণে নয়। হিমবাহগুলো নিচে নেমে এসেছে মূলত বরফ ঝুরঝুরা হয়ে পড়ে ক্ষত সৃষ্টির কারণে।গবেষকেরা জানান, তাঁদের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে হিমালয়ের হিমবাহগুলো জলবায়ু পরিবর্তনজনিত কারণে তেমন সাড়া দিচ্ছে না। সেখানে যেসব গর্ত ও ক্ষতের সৃষ্টি হয়েছে, তার পেছনে আছে পাথর বা শিলার আঘাতসহ অন্যান্য কারণ। আবার এসব ক্ষতও পূরণ হয়ে যাচ্ছে নতুন করে বরফ জমার কারণে। এ অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার সম্ভাবনাকেও নাকচ করে দেন তাঁরা।এই গবেষণায় অংশ নেওয়া বুকহেগেন বলেন, জাতিসংঘের প্রতিবেদনে হিমালয়ের হিমবাহগুলো গলে যাওয়ার যে কথা বলা হয়েছে, সেটা ছিল একধরনের গৎবাঁধা ধারণা।২০০৭ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের প্রধান রাজেন্দ্র পাচুয়ারি তাঁর প্রতিবেদনে বলেছিলেন, উষ্ণতা বৃদ্ধির কারণে ২০৩৫ সাল নাগাদ হিমালয়ের সব হিমবাহ গলে যাবে। আর বরফ গলে যাওয়ায় সমুদ্রের পানি বেড়ে যাবে এবং বিশ্বজুড়ে বন্যা দেখা দিবে বলেও তিনি প্রতিবেদনে উল্লেখ করেছিলেন। টেলিগ্রাফ।