হিমালয়ের বরফ যে হারে গলছে বলে আগে ধারণা করা হয়েছিল, বাস্তবে সেই হার ১০ শতাংশেরও কম। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন একটি গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত উপগ্রহের মাধ্যমে সংগৃহীত উপাত্তের উন্নততর বিশ্লেষণের মাধ্যমে ওই গবেষণা চালানো হয়। নেচার সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণার ফলাফল থেকে বৈশ্বিক উষ্ণতার প্রভাবের বিষয়ে স্বস্তি মিলেছে। তবে একই সঙ্গে গবেষকেরা হুঁশিয়ারি করে বলেছেন, এর মানে এই নয় যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কেটে গেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও জার্মানির যৌথ উদ্যোগে গ্র্যাভিটি রিকোভারি অ্যান্ড ক্লাইমেট এক্সপেরিমেন্ট (জিআরএসিই) উপগ্রহের মাধ্যমে হিমালয়ের বরফ গলার বিষয়ে তথ্য সংগ্রহ করে। কলোরাডো ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব আর্কটিক অ্যান্ড আলপাইন রিসার্চের অধ্যাপক এবং গবেষণার সহ-লেখক ট্যাড পেফার টেলিফোনে বলেন, ‘ভালো খবর হচ্ছে, আমরা যতটা ভেবেছিলাম হিমালয়ের বরফ তত দ্রুত গলছে না।’এএফপি।