হিরোশিমা দিবসে পরমাণুমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার কানের
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান একটি পরমাণুমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি পারমাণবিক জ্বালানির ওপর জাপানের নির্ভরশীলতা কমিয়ে আনব। এমন সমাজ গড়ার লক্ষ্যে তা করব, যে সমাজ পারমাণবিক জ্বালানি প্রজন্মের ওপর নির্ভর করবে না।’গতকাল শনিবার জাপানের হিরোশিমা নগরে আণবিক বোমা হামলার ৬৬তম বর্ষপূর্তি উপলক্ষে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত অনুষ্ঠানে কান এসব কথা বলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট স্থানীয় সময় সকাল আটটা ১৫ মিনিটে হিরোশিমায় আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এটাই ছিল বিশ্বে প্রথম আণবিক বোমার হামলা। এতে এক লাখ ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে। ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় দফায় আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে আরও ৭০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটে।দিবসটি পালনে গতকাল সকালে ঠিক একই সময় প্রধানমন্ত্রী কান হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে নিহত ব্যক্তিদের স্মৃতিসৌধে হলুদ ও সাদা ফুলের পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় শোকের প্রতীক হিসেবে তাঁর পরনে ছিল কালো স্যুট, কোট ও টাই। হিরোশিমার কর্মকর্তারা জানান, এই স্মরণ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার লোক উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রসহ ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে যোগ দেন।অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কান বলেন, ফুকুশিমা সংকটের পর জাপানকে অবশ্যই জ্বালানির অন্যান্য উৎসের ওপর নির্ভর করতে হবে।গত ১১ মার্চ আঘাত হানা ভূমিকম্প ও এর প্রভাবে দেখা দেওয়া সুনামিতে ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটে। এতে সেখানকার পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয়া বের হতে থাকে। তা বাতাস, মাটি ও সাগরের পানিতে ছড়িয়ে পড়ে। এতে স্বাস্থ্যহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ ঘটনায় নাওতো কান ও তাঁর সরকারের ওপর ক্ষুব্ধ হয় অনেক জাপানি।ফুকুশিমার বিপর্যয় সম্পর্কে গতকাল কান বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যমান ব্যাপক মাত্রার এই দুর্ঘটনায় যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে, তা কেবল জাপানের জন্যই নয়, সারা বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রী বলেন, তেজস্ক্রিয়তা নিয়ে উদ্বেগ এখনো চলছে বলে অনেকে আতঙ্কের মধ্যে বাস করছে। এতে পারমাণবিক জ্বালানির ব্যাপারে তাদের আত্মবিশ্বাসও কমে যাচ্ছে। তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে জাপান সরকার অবশ্যই জ্বালানি নীতি পর্যালোচনা করবে। এএফপি, রয়টার্স।