হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলার হাত থেকে বেঁচে যাওয়া সুতোমি ইয়ামাগুচি মারা গেছেন। পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে গত সোমবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জাপানের গণমাধ্যম এ খবর জানিয়েছে।১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন বিমান যখন হিরোশিমায় আণবিক বোমা ‘লিটল বয়’ ফেলে, ইয়ামাগুচি তখন ব্যবসায়িক কাজে ওই শহরেই ছিলেন। বিস্ফোরণে তাঁর দেহের ওপরের অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। তিনি সেই রাতটি হিরোশিমাতেই কাটান।এরপর তিনি যান নিজের শহর নাগাসাকিতে। ৯ আগস্ট মার্কিন বিমান ওই শহরে ফেলে আণবিক বোমা ‘ফ্যাট ম্যান’।আণবিক বোমার হামলায় হিরোশিমায় প্রায় এক লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭০ হাজার মানুষ মারা গিয়েছিল। রক্ষা পেয়েছিল দুই শহরের প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষ, যদিও তাদের বেশির ভাগ পরে ক্যানসারসহ রাসায়নিক বিক্রিয়াজনিত বিভিন্ন অসুস্থতার শিকার হয়।পরবর্তী সময়ে জাপান সরকার জানায়, ইয়ামাগুচিই একমাত্র ব্যক্তি, যিনি ওই দুটি বোমা হামলা থেকে বেঁচে গেছেন। যদিও বেসরকারিভাবে এ ধরনের আরও অনেককেই চিহ্নিত করা হয়।ইয়ামাগুচি গত বছর জাপানের মাইনিচি পত্রিকাকে বলেছিলেন, ‘সরকারি হিসেবে আমিই দুটি বোমা হামলা থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি।’নাগাসাকি শহরের মেয়র এক বার্তায় বলেন, ‘বিভীষিকাময় সেই ইতিহাসের সাক্ষী গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে আমরা হারিয়েছি।’দুটি আণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ইয়ামাগুচি একাধিক বই এবং গান লিখেছেন এবং তাঁকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও তৈরি করা হয়েছে। এএফপি।