হিলারি ক্লিনটনকে পদত্যাগের আহ্বান ‘উদ্ভট’: হোয়াইট হাউস
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি জুলিয়ান অ্যাসাঞ্জের পদত্যাগের আহ্বানকে ‘উদ্ভট’ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি পদত্যাগের আহ্বান জানান। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘হিলারি ক্লিনটনের প্রতি পদত্যাগের আহ্বান একেবারেই উদ্ভট। আমি বুঝতে পারছি না, তাঁর মতো একজন ব্যক্তির মতামতকে আমরা কেন গুরুত্ব দেব। আমাদের পররাষ্ট্রনীতি ও দেশের স্বার্থ একটি ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’অজ্ঞাত স্থান থেকে ইন্টারনেট টেলিফোন সেবার মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, ‘হিলারির বিরুদ্ধে জাতিসংঘে গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন কূটনীতিকদের নির্দেশ দেওয়ার ঘটনা প্রমাণিত হলে তাঁর পদত্যাগ করা উচিত। কারণ, এটা যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করা আন্তর্জাতিক সনদের লঙ্ঘন।’ এএফপি।