হিলারি ক্লিনটনের বক্তব্য ‘অনধিকারচর্চা’: বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীনের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চা করেছেন বলে অভিযোগ করেছে বেইজিং। হিলারি ক্লিনটন চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর চীনের পক্ষ থেকে এ অভিযোগ করা হলো।জাতিগত তিব্বতি ও মানবাধিকারকর্মী চেন গুয়াংচেংয়ের সঙ্গে বেইজিংয়ের আচরণ সম্পর্কে গত বৃহস্পতিবার সতর্কবাণী উচ্চারণ করেছিলেন হিলারি ক্লিনটন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই গতকাল শুক্রবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা চীনের অভ্যন্তরীণ বিষয় ও বিচারিক সার্বভৌমত্বের ব্যাপারে বিদেশি অনধিকারচর্চার বিরোধিতা করি।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে বক্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন।মুখপাত্র হোং লেই বলেন, ‘চীনা সরকার দেশের নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করে থাকে।’চীনের স্বপ্রশিক্ষিত আইনজীবী ও মানবাধিকারকর্মী চেন বেইজিংয়ের এক-সন্তাননীতির আওতায় করা একটি বিলম্বিত গর্ভপাত ও জোরপূর্বক বন্ধ্যত্বকরণের ঘটনা এক সাক্ষাৎকারে একটি বিদেশি পত্রিকাকে জানালে তাঁকে চার বছর কারাগারে কাটাতে হয়।শৈশব থেকে অন্ধ চেনকে গত বছর মুক্তি দেওয়া হয়। কিন্তু মানবাধিকারকর্মীদের দাবি—এ বছরের আরও আগের দিকে চেন ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে। এএফপি।