হিলারির ওপর হামলার পরিকল্পনা করেছিলেন সোমালীয় সেই যুবক!
মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ডেনিশ কার্টুনিস্টের বাড়িতে হামলাকারী সোমালীয় যুবক গত আগস্ট মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। ডেনমার্কের গণমাধ্যমে গত রোববার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ডেনমার্কের দ্য পলিটিকেন পত্রিকা গত রোববার তাদের প্রতিবেদনে জানায়, ডেনিশ গোয়েন্দা সংস্থা পিইটি জানতে পেরেছিল, হিলারি ক্লিনটনের ওপর হামলার পরিকল্পনায় অংশগ্রহণের অভিযোগে ২৮ বছর বয়সী ওই সোমালীয় যুবককে গত সেপ্টেম্বর মাসে কেনিয়ায় আটক করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণের অভাবে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।আফ্রিকায় ১১ দিনের সফরের অংশ হিসেবে হিলারি গত আগস্ট মাসে কেনিয়া সফর করেন।কেনিয়ায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত বো জেনসেন ডেনিশ বার্তা সংস্থা রিটজাউকে বলেন, ভ্রমণ-সংক্রান্ত সব কাগজপত্র না থাকায় সোমালীয় ওই যুবককে কেনিয়ায় আটক করা হয়েছিল। তিনি আরও বলেন, ওই যুবককে যে সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছিল, কেনিয়ার কর্তৃপক্ষ তা কখনোই দূতাবাসকে জানায়নি। এ কারণে সংবাদপত্র বিষয়টিকে ভুল বুঝেছে।সোমালীয় ওই যুবক গত শুক্রবার রাতে ছুরি ও কুড়াল নিয়ে ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের আরহাস শহরের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। গত শনিবার তাঁর বিরুদ্ধে কার্টুনিস্ট ওয়েস্টারগার্ডকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। তবে আদালতে শুনানির সময় অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক।ডেনিশ গোয়েন্দা সংস্থা পিইটির প্রধান জ্যাকব শার্ফ শনিবার জানান, সোমালীয় ওই যুবকের বিরুদ্ধে পূর্ব আফ্রিকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। কেনিয়ায় ওই যুবকের আটক হওয়া বা হিলারির বিরুদ্ধে হামলার পরিকল্পনার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।চার বছর আগে একটি ডেনিশ সংবাদপত্রে হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ার পর থেকে ওয়েস্টারগার্ডকে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।