হিলারির দেহভস্ম এভারেস্ট চূড়ায় ছড়ানো হচ্ছে না
এভারেস্ট শৃঙ্গ বিজয়ী প্রথম পর্বতারোহী স্যার এডমন্ড হিলারির দেহভস্ম এভারেস্ট চূড়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। নেপালের পর্বতারোহী আপা শেরপার এই দেহভস্ম ছড়িয়ে দেওয়ার কথা ছিল।এভারেস্টের চূড়ায় দেহভস্ম ছড়ানো হলে সেটা দুর্ভাগ্য বয়ে আনবে বলে বৌদ্ধ সন্ন্যাসীদের সতর্কতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজেই হিলারির ওই পরিকল্পনায় সমর্থন দেওয়া শেরপারা জানিয়েছেন, এডমন্ড হিলারির দেহভস্ম এভারেস্টের কাছাকাছি একটি আশ্রমে রাখা হবে।আট হাজার ৮৪৭ মিটার উঁচু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে বৌদ্ধ ধর্মাবলম্বী শেরপাদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। শেরাপারা হিমালয়ের আশপাশে বসবাস করে।১৯৫৩ সালের ২৯ মে ৩৩ বছর বয়সে এভারেস্ট চূড়ায় পা রাখেন এডমন্ড হিলারি। সঙ্গে ছিলেন শেরপা তেনজিং নরগে। এডমন্ড হিলারি ২০০৮ সালে মারা গেছেন। তাঁর দেহভস্মের বেশির ভাগ অকল্যান্ড পোতাশ্রয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছুটা দেওয়া হয়েছিল শেরপাদের।এভারেস্ট চূড়ায় ১৯ বার পা রেখেছেন এবং ২০ বারের মতো সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন আপা শেরপা। তিনিই চেয়েছিলেন, এডমন্ড হিলারির দেহভস্ম এভারেস্টের চূড়ায় ছড়িয়ে দিতে।আপার অভিযানের আয়োজনকারীরা জানিয়েছে, বৌদ্ধ সন্ন্যাসী লামারাসহ শেরপাদের একটি কমিটি এভারেস্ট চূড়ায় দেহভস্ম না ছড়ানোর পরামর্শ দেওয়ার পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।অভিযানের ব্যবস্থাপক দাওয়া স্টিভেন শেরপা বলেন, ‘প্রবীণ লামারা বলেছেন, এভারেস্টের পবিত্র শৃঙ্গে দেহভস্ম নিয়ে যাওয়া কল্যাণকর হবে না।’তিনি আরও বলেন, ‘এডমন্ড হিলারির দেহভস্ম এভারেস্ট চূড়ায় ছড়ানো হলে এ থেকে একটি প্রবণতা সৃষ্টি হয়ে যেতে পারে। পরবর্তীকালে অন্যরাও নিজেদের দেহভস্ম সেখানে ছড়াতে চাইবেন।’ বিবিসি অনলাইন।