হিলারির পদত্যাগ করা উচিত: অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পদত্যাগ করা উচিত। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এদিকে বিপুলসংখ্যক গোপন কূটনৈতিক বার্তা ফাঁস হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ বেশ কিছু স্পর্শকাতর কূটনৈতিক বার্তা দেখার ক্ষেত্রে সে দেশের সামরিক বাহিনীর অধিকার সীমিত করেছে।এ সপ্তাহে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তা প্রকাশ করে উইকিলিকস ওয়েবসাইট কর্তৃপক্ষ। এসব তথ্যের বেশির ভাগই গত তিন বছরে আদান-প্রদান করা হয়েছে। এতে দারুণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মার্কিন প্রশাসন।অজ্ঞাত স্থান থেকে একটি ইন্টারনেট টেলিফোনির মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, হিলারির বিরুদ্ধে জাতিসংঘে গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন কূটনীতিকদের নির্দেশ দেওয়ার ঘটনা প্রমাণিত হলে তাঁর পদত্যাগ করা উচিত। কারণ, এটা যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করা আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। তাঁর অবশ্যই পদত্যাগ করা উচিত।গোপন এসব তথ্য প্রকাশিত হওয়ায় বিশ্বের বেশ কয়েকটি স্পর্শকাতর ঘটনার পেছনের চিত্র প্রকাশ হয়ে পড়েছে। উইকিলিকসে প্রকাশিত হওয়া গোপন বার্তা থেকে জানা গেছে, হিলারি ক্লিনটনের নাম উল্লেখ করে জাতিসংঘে মার্কিন কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাঁরা যেন সেখানে বিদেশি কূটনীতিকদের ক্রেডিট কার্ডের নম্বরের মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। সাধারণত এসব তথ্য গোয়েন্দারাই সংগ্রহ করে থাকেন।গত বছরের জুলাইয়ে কূটনীতিকদের কাছে পাঠানো এ ধরনের এক তারবার্তায় জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কী ধরনের যোগাযোগব্যবস্থা ব্যবহার করেন এবং তাঁদের গোপন কোড সম্পর্কে জানতে চাওয়া হয়। ক্লিনটনের সই করা আরেকটি বার্তায় উত্তর কোরিয়ার কূটনীতিকদের বায়োমেট্রিক ও বায়োগ্রাফিক তথ্য জানতে নির্দেশ দেওয়া হয়।গত সোমবার এক সংবাদ সম্মেলনে উইকিলিকসের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে শুধু নয়; বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা হিসেবে অভিহিত করেন হিলারি। মঙ্গলবার অ্যাসাঞ্জের ওই বক্তব্যের জবাবে হিলারির মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘কেন তিনি পদত্যাগ করবেন? আমাদের কূটনীতিকেরা কূটনীতিকই, তাঁরা কোনো গোয়েন্দা সম্পত্তি নন। তাঁরা তথ্য সংগ্রহ করতেই পারেন এবং যদি তাঁরা তথ্য সংগ্রহ করেন, তা বিশ্বের অন্যান্য সরকারের কাছেও ছড়িয়ে দিই আমরা।’এদিকে উইকিলিকসে তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের স্পর্শকাতর কিছু কূটনৈতিক নথি দেখার অনুমতি সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তাদের বেশ কিছু স্পর্শকাতর বার্তা পড়ার ক্ষেত্রে পেন্টাগনের অনুমতি সাময়িক স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ক্রাউলি বলেন, ‘আমরা সাময়িকভাবে একটি গোপন কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে পেন্টাগনের ডেটাবেজের সংযোগ বিচ্ছিন্ন করেছি।’ এএফপি।