মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায় মিসরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে গতকাল মঙ্গলবার শান্তি আলোচনা শুরু হয়েছে। লোহিত সাগরের তীরে অবস্থিত পর্যটননগর শারম-আল-শেখে শুরু হওয়া ওই আলোচনায় সীমান্ত ও বসতি স্থাপন এবং শরণার্থী বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বৈঠক শুরুর আগে হিলারি আলাদাভাবে দুই নেতার সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি এ আলোচনা ত্বরান্বিত করার জন্য মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট মুবারকও আলাদাভাবে আব্বাস এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। হিলারির মতো তিনিও এ শান্তি-প্রক্রিয়া এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।গত সোমবার হিলারি ক্লিনটন বলেছেন, তাঁর বিশ্বাস উভয় পক্ষ বসতি নির্মাণ ইস্যুতে নমনীয় মনোভাব নিয়ে এগোলে এ বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব। সে ক্ষেত্রে ইসরায়েলের বসতি নির্মাণের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। তবে বিশ্লেষকেরা মনে করছেন, পশ্চিম তীরের বসতি নির্মাণ ইস্যুতে মতৈক্যে পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে।পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের ওপর ইসরায়েল যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার মেয়াদ শেষ হচ্ছে ২৬ সেপ্টেম্বর। এই নিষেধাজ্ঞা নবায়ন না করা হলে ইহুদিরা আবার সেখানে নির্মাণকাজ শুরু করতে পারবে। ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরে আবার বসতি নির্মাণ শুরু হলে তারা আলোচনা থেকে বেরিয়ে আসবে। হিলারি ক্লিনটন বলেছেন, শান্তি আলোচনার স্বার্থে ইসরায়েলের ওই নিষেধাজ্ঞা নবায়ন করা উচিত। তবে গত রোববার নেতানিয়াহু বলেছেন, তাঁরা বসতি নির্মাণের ওই নিষেধাজ্ঞা নবায়ন করবেন না। সেখানে বসতি নির্মাণ আবার শুরু করা হবে। তবে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্মাণকাজের ব্যাপকতা কমানো যেতে পারে।ফিলিস্তিন পক্ষের মুখ্য আলোচক সায়েব এরাকাত বলেছেন, আবার যদি বসতি নির্মাণ শুরু হয়, তাহলে পুরো আলোচনার প্রক্রিয়া ভেস্তে যাবে এবং ইসরায়েলকেই এর সব দায় নিতে হবে।বিশ্লেষকেরা বলেছেন, আলোচনা সফল হওয়ার পথে আরও একটি বড় বাধা হলো, এ আলোচনায় পুরো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব নেই। হামাসনিয়ন্ত্রিত গাজার কোনো প্রতিনিধি না থাকায় শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।হামাসের অন্যতম নেতা মাহমুদ জাহার বিবিসিকে বলেছেন, এটা নামমাত্র আলোচনা। একজন ফিলিস্তিনি, এমনকি ফিলিস্তিনের পক্ষে যাঁরা আলোচনায় অংশ নিচ্ছেন, তাঁরা নিজেরাও এর মাধ্যমে কোনো ফলাফল অর্জিত হবে বলে বিশ্বাস করেন না। তিনি বলেন, তাঁরা এতে বাধা দেওয়ারও প্রয়োজন মনে করেননি, কারণ তাঁরা ভালো করেই জানেন, বিগত সব উদ্যোগের মতো এবারও যথারীতি শান্তি আলোচনা ভেস্তে যাবে। এএফপি ও বিবিসি অনলাইন।