সম্পদের হিসাব না দেওয়ায় ২১০ আইনপ্রণেতা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের ২১০ জন আইনপ্রণেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের বার্ষিক বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় দেশটির নির্বাচন কমিশন ওই আইনপ্রণেতাদের বিরুদ্ধে গতকাল বুধবার এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ওই আইনপ্রণেতারা আইনগত বাধ্যবাধকতা পূরণ করার পর যেকোনো সময় তাঁদের সদস্যপদ ফিরে পেতে পারেন।
দেশটির সংবিধান অনুসারে প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইনপ্রণেতাদের বার্ষিক সম্পদের বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন চাইলে এই সময় আরও ১৫ দিন বাড়াতে পারে।
আইনপ্রণেতাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ১৫ দিন সময় বাড়িয়েছিল। সেই অনুযায়ী গতকাল বুধবার (১৫ অক্টোবর) ছিল আইনপ্রণেতাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এই বর্ধিত সময়ের মধ্যেও জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে মোট ২১০ জন আইনপ্রণেতা তাঁদের সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে গতকাল নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের সাময়িকভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন।
কমিশনের জারি করা এক নোটিশে জানানো হয়, যেসব আইনপ্রণেতা নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাঁরা এই সাময়িক বরখাস্তের সময়কালের মধ্যে নিজ নিজ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না।
তবে আইনগত বাধ্যবাধকতা পূরণ করে ওই আইনপ্রণেতারা যেকোনো সময় তাঁদের সদস্যপদ ফিরে পেতে পারেন।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া আইনপ্রণেতাদের মধ্যে ৪০ জন জাতীয় পরিষদের ও দুজন সিনেটের সদস্য। অন্যদের মধ্যে ৯৮ জন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের, ২৮ জন সিন্ধুর, ৩৩ জন খাইবার পাখতুনখাওয়ার এবং নয় জন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া এই আইনপ্রণেতাদের মধ্যে অধিকাংশই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ক্ষমতাসীন পিএমএল-এন দলের সদস্য।