হীরা উপহার পাওয়ার কথা স্বীকার নাওমির
লাইবেরিয়ার সাবেক শাসক চার্লস টেলরের কাছ থেকে ‘ব্লাড ডায়ামন্ড’ উপহার নেওয়া সম্পর্কে স্বীকারোক্তিমূলক সাক্ষ্য দিয়েছেন ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। হেগের আদালতে গতকাল বৃহস্পতিবার তিনি ওই সাক্ষ্য দেন। আদালতে তিনি জানান, ১৯৯৭ সালের ২৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় এক নৈশভোজে যোগ দেওয়ার পর মধ্যরাতে তিনি কয়েকটি কুিসত ধরনের পাথর উপহার পেয়েছিলেন। তবে প্রথমে তিনি বুঝতেই পারেননি এগুলো বহু মূল্যবান হীরকখণ্ড। লাইবেরিয়ার সাবেক শাসক চার্লস টেলর ওই রাতে তাঁকে ওই ‘ব্লাড ডায়ামন্ড’ উপহার পাঠান বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের সত্যতা নিশ্চিত করতেই আদালত নাওমির সাক্ষ্য নেন। আদালতকে নাওমি জানান, দক্ষিণ আফ্রিকার তত্কালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বাসভবনে নৈশভোজ শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে দরজায় টোকা শুনে ঘুম ভাঙে তাঁর। একপর্যায়ে তিনি দরজা খুলে দুজন কালো মানুষকে দেখতে পান। ওই দুজন তখন তাঁর হাতে একটি উপহারের থলে তুলে দেন।চার্লস টেলরের বিরুদ্ধে ১৯৯০-এর দশকে প্রতিবেশী সিয়েরালিওনে গৃহযুদ্ধের সময় রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্ট (আরইউএফ) বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। গৃহযুদ্ধের ওই সময় যুদ্ধাপরাধ, গণহত্যা, ধর্ষণসহ ১১টি অপরাধে জড়িত থাকার অভিযোগে নেদারল্যান্ডের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত হেগে বিচার চলছে টেলরের। এএফপি।