হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়িঘরে ফিরছে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে আবার ভয়াবহ অগ্ন্যুৎপাত হতে পারে। বিশেষজ্ঞদের এ হুঁশিয়ারি উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছে। গতকাল সোমবার অন্তত ৩০ হাজার মানুষ জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও নিজেদের বাড়ি ফিরে গেছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।এদিকে উদ্ধারকর্মীরা আরও ১৭টি মৃতদেহ উদ্ধার করেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরাও বলেন, এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে অন্তত তিন লাখ ৬৭ হাজার ৫৪৮ জন মানুষ রয়েছে। গতকাল ৩০ হাজারের মতো মানুষ আশ্রয়শিবির থেকে চলে গেছে। গত রোববারের তুলনায় এ সংখ্যা ছিল কম।গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপির কয়েক দফা অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ৫ মে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বিকট শব্দে লাভার উদিগরণ হয়। এর বেগ ছিল ভয়াবহ, ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলেছেন, ১৮৭২ সালের পর ওই দিনই সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়।উগ্ন্যুৎপাতের আগে ও পরে মাউন্ট মেরাপেরির আশপাশের এলাকার অন্তত তিন লাখ ৯০ হাজার মানুষকে ২০ কিলোমিটার দূরে নিরাপদ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তাদের অস্থায়ী তাঁবু থেকে নিজেদের বাসস্থানে ফিরে যাওয়ার ঝুঁকি না নিতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে মাউন্ট মেরাপি আবারও অগ্ন্যুৎপাত ঘটাবে। গত শুক্রবার অন্তত এক ঘণ্টা ধরে আগ্নেয়গিরিটি থেকে গরম ছাইমেঘ বের হয়। আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত ওই মেঘ ছড়িয়ে পড়ে। এএফপি।