হুগো চাভেজ আজ শপথ নিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছে। চাভেজের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ বৃহস্পতিবার চাভেজের পূর্বনির্ধারিত শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে না।ক্যানসারের চিকিৎসায় চাভেজ কিউবায় অবস্থান করছেন। সেখানে চতুর্থ দফার অস্ত্রোপচার শেষে ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন তিনি। এক মাস আগে সর্বশেষ অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি। এ কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া চাভেজের পক্ষে সম্ভব নয় বলে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আগেই জানিয়েছেন। চাভেজের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় পরিষদ আজকের শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে। জাতীয় পরিষদ চাভেজকে সুস্থ হতে প্রয়োজনীয় সময় দিয়েছে। জাতীয় পরিষদে স্পিকার দিওসদাদো ক্যাবেল্লা আইনপ্রণেতাদের এ কথা জানান।এদিকে চাভেজ যথাসময়ে শপথ নিতে না পারায় পরবর্তী করণীয় নিয়ে সুপ্রিম কোর্টের রুল জারির দাবি জানিয়েছেন বিরোধীরা। বিরোধীদলীয় নেতা ক্যাপরিলেস বলেন, চাভেজকে অনুপস্থিত ঘোষণা করে ক্যাবেল্লোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া উচিত। অসুস্থ প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাতে আজ সমাবেশ আহ্বান করেছেন চাভেজের সমর্থকেরা। বিবিসি।