হুগো চাভেজ কোমায় নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের কোমায় থাকার গুজব নাকচ করে দিয়েছেন তাঁর বড় ভাই আদান চাভেজ। তিনি বলেছেন, হুগো চাভেজের জ্ঞান আছে। ক্যানসারের চিকিৎসায় প্রতিদিনই তাঁর স্বাস্থ্যের অগ্রগতি হচ্ছে। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন চাভেজ। সেখানে তাঁর চতুর্থ দফায় অস্ত্রোপচার হয়েছে। এ কারণে ১০ জানুয়ারি আরেক দফায় শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। চাভেজের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভিন্ন গুজব রয়েছে। সম্প্রতি স্প্যানিশ ভাষায় প্রকাশিত দৈনিক এবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, চাভেজ কোমায় চলে গেছেন এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তাঁকে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে। এরই প্রেক্ষাপটে হাভানা সফর শেষে প্রেসিডেন্টের ভাই আদান চাভেজ শনিবার এক বিবৃতি দেন। বিবৃতিতে আদান বলেন, সামাজিক যোগাযোগ ও অন্যান্য মাধ্যমে এমন তথ্য ছড়ানো হয়েছে, ‘চাভেজ কোমায় আছেন এবং তাঁর পরিবারের সদস্যরা লাইফ সাপোর্টের যন্ত্রপাতি খুলে ফেলার বিষয়ে আলোচনা করছেন। এসব তথ্য পুরোপুরি মিথ্যা।’ এএফপি।