হুগো চাভেজকে নিয়ে আহমাদিনেজাদের মন্তব্য ‘ধর্মবিরোধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ যিশুখ্রিষ্টের সঙ্গে পুনরায় আবির্ভূত হবেন বলে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যে মন্তব্য করেছেন, তাকে ‘ধর্মবিরোধী’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। সম্প্রতি আহমাদিনেজাদ চাভেজের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওই মন্তব্য করেন।তেহরানে গতকাল জুমার নামাজের সময় প্রভাবশালী অভিভাবক পরিষদের প্রধান আয়াতুল্লাহ আহমাদ জানাতি বলেন, যিশুখ্রিষ্টের সঙ্গে চাভেজের পুনরাবির্ভাব নিয়ে ওই মন্তব্য ধর্মবিরোধী।ক্যানসারে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকার বিপ্লবী নেতা চাভেজের মৃত্যুর পর ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ৬ মার্চ তাঁকে একজন ‘শহীদ’ বলে আখ্যায়িত করেন। এ ছাড়া আহমাদিনেজাদ আরও বলেন, চাভেজ যিশুর সঙ্গে আবার ফিরবেন এবং তিনি ছিলেন একজন সত্যিকারের মানুষ।জানাতি বলেন, ইরানের ধর্মীয় নেতারা ওই সব মন্তব্যে ‘ক্ষুব্ধ’। তিনি বলেন, চাভেজ ছিলেন একজন অতি জনপ্রিয় ব্যক্তি ও মার্কিনবিরোধী। তাঁর রাজনৈতিক কর্মসূচি পুরোপুরি গ্রহণযোগ্য। কিন্তু তিনি মুসলমান ছিলেন না।ইরানের অভিভাবক পরিষদ দেশটির নির্বাচন তদারকি ও সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। আগামী ১৪ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এএফপি।