হুগো চাভেজের দেহে আবার ক্ষত ধরা পড়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৭) বলেছেন, ক্যানসার-সদৃশ নতুন একটি ক্ষত সারাতে শিগগিরই তাঁর অস্ত্রোপচার করা হবে। কয়েক মাস আগে নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণার পর চাভেজ নিজেই গত মঙ্গলবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন। কিউবায় স্বাস্থ্য পরীক্ষার সময় চাভেজের মেরুদণ্ডের নিচের অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রেসিডেন্টের শরীরে প্রথম ক্যানসার ধরা পড়ার পর গত বছরের জুনে ওই স্থানেই অস্ত্রোপচার করা হয়েছিল।তবে কিউবায় চাভেজের অস্ত্রোপচারের সময় সরকারি সূত্রে বলা হয়েছিল, তাঁর শরীরের মেরুদণ্ডের নিচের অংশ থেকে টিউমার অপসারণ করা হয়েছে। সে সময় তিনি কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।নতুন করে শরীরে রোগ ধরা পড়া প্রসঙ্গে প্রেসিডেন্ট চাভেজ বলেন, ‘এটি একটি ছোট ক্ষত। এর ব্যাস দুই সেন্টিমিটারের (এক ইঞ্চির চেয়ে কম) কাছাকাছি। এক বছর আগে শরীরের যে অংশ থেকে টিউমার অপসারণ করা হয়েছে, ওই স্থানেই এটি দেখা দিয়েছে।’চাভেজ চিকিৎসার জন্য আবার কিউবায় যাবেন। নতুন করে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘোষণা প্রকাশ হওয়ায় তাঁর স্বাস্থ্যের প্রকৃত অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এএফপি।