হুগো চাভেজের নতুন করে চিকিৎসা শুরু
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ নতুন দফা ক্যানসারের চিকিৎসা নিতে বর্তমানে কিউবায় রয়েছেন। ইতিপূর্বে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর দেহ থেকে ক্ষতিকর টিউমার অপসারণ করা হয়। তিনি পাঁচ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে গত রোববার টেলিফোনে জানিয়েছেন।ভেনেজুয়েলা থেকে যাত্রার পর গত শনিবার মধ্যরাতে হাভানার হোসে মারতি বিমানবন্দরে পৌঁছালে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো চাভেজকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি যখন বিমানবন্দরে এসে নামেন, তখন তাঁকে প্রাণবন্ত দেখাচ্ছিল।ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাওয়াকে টেলিফোন করে প্রেসিডেন্ট চাভেজ জানান, কিউবায় পৌঁছানোর পরপরই তাঁকে পাঁচ দফা রেডিয়েশন থেরাপির প্রথমটি দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি বৃহস্পতিবার দেশে ফেরার ব্যাপারে আশা রাখি।’ রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন তাঁদের এই কথোপকথনের খবর সমপ্রচার করে।এদিকে চাভেজের কিউবায় যাওয়ার ঘোষণায় বিরোধীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, তিনি জাতীয় পরিষদের (আইনসভা) কোনো অনুমোদন না নিয়েই দেশ ত্যাগ করেছেন। এএফপি।