হুমকি উপেক্ষা করে মস্কোয় পুতিনবিরোধীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভকারীরা সরকারি বাহিনীর তল্লাশি, জরিমানার হুমকি ও ভারী বৃষ্টি উপেক্ষা করে গতকাল মঙ্গলবার মস্কোয় বিক্ষোভ-সমাবেশ করেছে। নতুন করে নির্বাচন এবং নতুন প্রেসিডেন্টের দাবিতে মস্কোর পুশকিন স্কয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ায় এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। এতে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছে বলে আয়োজকেরা দাবি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে গতকাল সবচেয়ে বেশি যে পোস্ট দেওয়া হয় তাহলো: ‘দুপুর ১২টায় প্রত্যেকে পুশকায় (পুশকিন স্কয়ার)।’ এ ছাড়া সমাবেশের ছবিও অনেকে টুইটারে দেয়।বিক্ষোভে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সশস্ত্র পুলিশ গত সোমবার সকালে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এ ঘটনা দেশটির সাবেক স্বৈরশাসক জোসেফ স্তালিনের শাসনামলের কথা মনে করিয়ে দেয় বলে সমালোচকেরা মন্তব্য করেন। গতকালের সমাবেশ শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে কেন্দ্রীয় তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য পুতিনবিরোধী কয়েকজন নেতাকে তলব করা হয়। সরকারের এসব পদক্ষেপের কারণে ধারণা করা হচ্ছে, পুতিন বেশ কঠোরভাবেই আগামী ছয় বছর দেশ শাসন করবেন।বিক্ষোভকালে বিরোধীদলীয় আইনপ্রণেতা দিমিত্রি গাদকভ বলেন, ‘বুঝতে পারছি না, কর্তৃপক্ষ কেন বিক্ষোভকারীদের জোর করে আটকানোর চেষ্টা করছে। আমি মনে করি, সবকিছু এবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’ ভ্লাদিমির পুতিন গত ৭ মে ক্রেমলিনের দায়িত্বগ্রহণের প্রাক্কালে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সমাবেশে শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা বৃদ্ধিসংক্রান্ত একটি আইনে প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা পরিষদ ওই আইনের বিরোধিতা করেছিল। ওই পরিষদের প্রধান মিখাইল ফেদোতোভ বলেন, সামাজিক সংগতি, আধুনিকায়ন ও রাজনৈতিক সংস্কারের জন্য যা নিকৃষ্টতম হতে পারত, তাই ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়ায় পরিকল্পিত সমাবেশের আগে বিরোধীদলীয় নেতাদের হয়রানির ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।মস্কো শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সড়কে গতকালের সমাবেশের আগে ১২ হাজার দাঙ্গাপুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বাহিনী মোতায়েন করা হয়। রাশিয়া দিবসের দিনে সমাবেশটি আয়োজন করা হয়। ১৯৯০ সালের এই দিনে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। এএফপি ও রয়টার্স।