হুমকি উপেক্ষা করে মুম্বাই সফর করলেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবসেনার বিক্ষোভ ও হুমকির পরও মুম্বাই সফর করেছেন ভারতের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। তিনি গতকাল শুক্রবার মুম্বাইয়ের আন্ধেরি থেকে লোকাল ট্রেনে চেপে শিবসেনার শক্ত ঘাঁটি দাদার গিয়েছেন। সেখান থেকে অন্য একটি ট্রেনে চেপে ঘাটকপার এলাকায় পৌঁছেন। শিবসেনা-প্রধান বাল ঠাকরের ডাকে গতকাল হাজার হাজার শিবসেনা সমর্থক রাহুলের মুম্বাই সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে। সম্প্রতি রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘মুম্বাই সব ভারতীয়র জন্য’। তাঁর এ মন্তব্যের প্রতিবাদে শিবসেনা সমর্থকেরা রাহুলের মুম্বাই সফরের প্রতিবাদ জানায়। গতকাল মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় কালো পতাকা ওড়ানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাহুল গান্ধীর আগমন উপলক্ষে গতকাল কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এ সময় অঘোষিত কারফিউ জারির পরিবেশ বিরাজ করে। রাহুল গান্ধী গতকাল স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে জুহু এলাকার সান্তা ক্রুজ পুরোনো বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি এক কিলোমিটার দূরে প্রায় এক হাজার ১০০ কলেজ শিক্ষার্থীর উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য ‘ভাইদাস হল’-এ যান। এ সময় ওই এলাকায় শিবসেনার কয়েক শ নারী সমর্থক নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করায় পুলিশ তাদের আটক করে।মুম্বাইয়ের আন্ধেরি, ভিলে পারলে, যোগেশ্বরী ও ঘাটকাপর এলাকায়ও শত শত শিবসেনা সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেছে। বিকেলের দিকে রাহুল গান্ধীর পন্ডিচেরি যাওয়ার কথা ছিল। যুব কংগ্রেস দলের নবনির্বাচিত সভাপতি রাজীব সাতাব, দলীয় এমপি জিতেন্দ্র সিংহ প্রমুখ রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।