জঙ্গিদের হুমকি থাকা সত্ত্বেও চিকিৎসা শেষে অবশ্যই দেশে ফিরবে পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে জঙ্গিদের গুলিতে আহত হয় কিশোরী মালালা। এরপর চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় যুক্তরাজ্যে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে।মালালার ওপর হামলার পর গতকাল প্রথম প্রকাশ্যে কথা বললেন তার বাবা জিয়াউদ্দিন। তিনি আশা করছেন, মেয়েকে দেখতে শিগগির তিনি যুক্তরাজ্যে যাবেন।দেশে ফিরলে মালালাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কাজেই দেশে ফেরা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই অবস্থায় শোনা যাচ্ছে, মালালা ও তার পরিবার বাইরের কোনো দেশে আশ্রয় নিতে পারে।তবে এমন গুজব নাকচ করে দিয়ে জিয়াউদ্দিন বলেন, ‘এ কথা শোনার পর আমার হাসি পেয়েছিল। কেননা, আমাদের বা আমার আত্মত্যাগ এত তুচ্ছ নয় যে আমাদের বাইরের কোনো দেশে আশ্রয় নিতে হবে এবং বাকি জীবন সেখানেই কাটাতে হবে।’ এএফপি।