হুমকিতে পাকিস্তানের সুশীল সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুশীল সমাজ এখন হুমকির মুখে। এ সমাজের প্রতিনিধিদের ওপর হয়রানি ক্রমশ বেড়ে চলেছে। হুমকি ও হয়রানি থেকে বাদ পড়ছে না বেসরকারি সংস্থা (এনজিও), মানবাধিকার সংগঠন ও অপরাপর সংগঠনের কর্মীরা কেউ-ই। এমন পরিস্থিতির জন্য মূলত দেশটির ধর্মীয় উগ্রপন্থী, কট্টর ডানধারার রাজনীতিবিদ ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিয়োজিত সংস্থার কিছু কর্মীই দায়ী।প্রতিকূল অবস্থায় দেশটিতে এনজিও ও সুশীল সমাজের কর্মীদের কাজের সুযোগ দৃশ্যত সংকুচিত হয়ে আসছে। অবস্থা এতটাই নাজুক যে, কাজ করতে গিয়ে এরই মধ্যে কেউ কেউ জীবন দিয়েছেন, আবার অনেকে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। কার্যত, এনজিও কর্মীদের সুরক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেই। অথচ মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলো পূরণে রাষ্ট্রীয় ব্যর্থতার মুখে এ কর্মীদের প্রয়োজন অনেক বেশি। একই সময় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার চেয়ে বেড়ে চলেছে অসহিষ্ণুতা, সহিংসতা ও অস্ত্রের ব্যবহার।দেশব্যাপী চলা শিশুদের পোলিও টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের অন্তত ১৯ নারী ও পুরুষ গত বছরের জুলাইয়ের পর তালেবান ও অন্য জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গত ডিসেম্বরে। সে সময় দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের গুলিতে পাঁচজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান।জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খাঁর এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বান কি মুন এ ঘটনাগুলোকে ‘নিষ্ঠুরতা, নির্বুদ্ধিতা ও যুক্তিহীন’ কাজ বলে আখ্যায়িত করেন। কিন্তু ঘটনায় জড়িত কাউকেই এখনো ধরা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয়, সরকার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে এবং এ ধরনের আরও হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হবে।চলতি বছর দুশ্চিন্তার নতুন যে বিষয় দেখা যাচ্ছে তা হলো—পুলিশ সদস্য পরিবেষ্টিত পোলিও টিমকেও জঙ্গিরা লক্ষ্যবস্তু বানাচ্ছে। পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে দুটি—সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়াতে (কেপি) নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা সত্ত্বেও টিকাদান কর্মসূচি আংশিক স্থগিত করা হয়েছে। কবে এ কর্মসূচি শেষ হবে তার লক্ষণ নেই।গত অক্টোবরে নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে (১৪) স্কুলে যাওয়ার পথে আক্রমণ করা হয়। যুক্তরাজ্যে চিকিৎসাধীন এ কিশোরী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কিন্তু এখনো তার দেশে ফেরা নিরাপদ নয়। আবার পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি এক প্রতিবেদনে আক্রমণাত্মক ভাষায় হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও দেশটিতে এ সংস্থার প্রতিনিধি আলী দায়ান হাসানের বিরুদ্ধে পাকিস্তানবিদ্বেষী তৎপরতা চালানোর অভিযোগ তুলেছে। অথচ এর আগে কখনোই এ বাহিনী এ রকম ভাষা ব্যবহার করেনি।যাহোক, বিশ্লেষকেরা মনে করেন, সুশীল সমাজের কর্মীদের নিরাপত্তা দিতে না পারা, তাঁদের রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতা বা অস্বীকৃতি এবং সরকারের ক্রমবর্ধমান অসহিষ্ণু আচরণ অনেককেই হতাশ করেছে।