হুমকির মুখে প্লাটিপাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে অস্ট্রেলিয়ার বিচিত্র প্রাণী প্লাটিপাসের অস্তিত্ব এখন হুমকির মুখে। দিন দিন কমে আসছে এসব প্রাণীর আবাসস্থল ও বিচরণক্ষেত্র। এক গবেষণার ফলাফলের ভিত্তিতে গতকাল শুক্রবার এ ব্যাপারে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের গবেষণাবিষয়ক নিবন্ধ গ্লোবাল চেঞ্জ বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গত ১০০ বছরের আবহাওয়া ও প্লাটিপাসের বিচরণক্ষেত্রবিষয়ক তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলেন, অস্ট্রেলিয়ার গড় তাপমাত্রা বৃদ্ধি এবং খরার কারণে দেশটির অনেক এলাকায় এখন আর প্লাটিপাস দেখা যায় না। গবেষকেরা তাঁদের এসব তথ্য অস্ট্রেলিয়ার সরকারি বিজ্ঞান গবেষণা সংস্থার (সিএসআইআরও) আবহাওয়া পরিবর্তনবিষয়ক গবেষণার ফলাফলের সঙ্গে মিলিয়ে নেন। গবেষক জেনি ডেভিস বলেন, ‘আমাদের গবেষণার তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, প্লাটিপাসের এক-তৃতীয়াংশ স্বাভাবিক বিচরণক্ষেত্র কমে গেছে।’বন উজাড় ও জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণসহ নানা কারণে প্লাটিপাসের বিচরণক্ষেত্র কমে যেতে থাকবে বলে গবেষকেরা আশঙ্কা প্রকাশ করেন। এ ছাড়া শুকনো মৌসুমে পানি উত্তোলন, শেয়াল ও ইগলের উৎপাতসহ নানা কারণে প্লাটিপাসের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জেনি ডেভিস আরও বলেন, আশঙ্কা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্লাটিপাসের অস্তিত্ব বিলীন হবে। এক সময় কেবল তাসমানিয়া, সাউথ কিং ও ক্যাঙ্গারু দ্বীপে এদের দেখা মিলবে। প্লাটিপাসের মধ্যে একসঙ্গে পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে। ওরা ডিম পাড়ে। আবার ছানাকে দুধ দেয়। নদীর তীরে বা জলাশয়ের ধারে গভীর গর্ত করে বসবাস করে এরা। নিশাচর প্লাটিপাস পানির গভীরে ডুব দিয়ে ছোট ছোট মাছসহ জলজ প্রাণী শিকার করে। এএফপি।