হুর সামনে চীনা ভাষায় কথা বলল সাশা
চীনা ভাষা শিখছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা (৯)। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে সামনে পেয়ে নিজের এই গুণ জানান দিতে পিছপা হয়নি সে। গত বুধবার হোয়াইট হাউস চত্বরে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, সাশাদের ক্লাসে চীনা ভাষা শেখানো হয়। চীনের প্রেসিডেন্টকে সামনে পেয়ে এই বিদ্যা জাহিরের সুযোগ সে হাতছাড়া করেনি। তিনি বলেন, বুধবার সকালে হোয়াইট হাউসে যখন হু জিনতাওকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়, ওই সময় সাশা তার বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত ছিল। তাকে উচ্ছ্বসিতভাবে চীনা পতাকা নাড়তে দেখা যায়।একপর্যায়ে হুকে সঙ্গে নিয়ে ওবামা যখন সাশা ও তার বন্ধুদের সামনে এসে দাঁড়ান, তখন কিছু চীনা শ্লোক হু জিনতাওকে শোনায় সাশা। একই দিন রাতে রাষ্ট্রীয় ভোজে একপর্যায়ে সাশা সম্পর্কে ওবামা বলেন, ‘ওর বয়স ১০ বছরের নিচে হলেও ওদের ক্লাসে চীনা ভাষা শেখানো হয়। প্রেসিডেন্ট হুর সঙ্গে চীনা ভাষায় কথা বলতে ও খুব আগ্রহী।’ রয়টার্স।