হুসেইন হাক্কানির বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের এক নির্দেশে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।সাম্প্রতিক ‘গোপন চিঠি’বিষয়ক গুঞ্জনের সূত্র ধরে হুসেইন হাক্কানিকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূতের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ডিসেম্বরে দেশে ফেরার পর সুপ্রিম কোর্টের এক নির্দেশে তাঁর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অভিযোগ রয়েছে, গত বছর ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করে মার্কিন কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠান, যা ‘গোপন চিঠি’ বলে পরিচিত। স্বাক্ষরবিহীন এই চিঠি লিখতে হুসেইন হাক্কানি সহযোগিতা করেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি ও রয়টার্স।