হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার বিকেলে নিরাপদ
বিকেলে ওপেন হার্ট সার্জারি তুলনামূলক বেশি নিরাপদ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সার্কাডিয়ান রিদমের (দেহঘড়ি) কল্যাণেই এমনটা হয় বলে তাঁদের দাবি।
যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায় এ দাবি করা হয়েছে। ফ্রান্সের এক দল বিজ্ঞানী গবেষণাটি করেছেন।
দেহঘড়ির কারণে রাতে ঘুম আসে, দিনের আলো ফুটলে সে ঘুম ভেঙে যায়। শারীরিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক পরিবর্তনেও এই ঘড়ির ভূমিকা থাকে।
গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, হৃদ্যন্ত্রের ধকল সহ্য করার ক্ষমতা সকালের চেয়ে বিকেলে বেশি থাকে। গবেষণায় সংশ্লিষ্ট ছিলেন ফ্রান্সের ইনস্টিটিউট পেস্টখ দ্য লিল্লের অধ্যাপক বাখ স্টেয়ালস। তিনি বলেন, মানুষকে আতঙ্কিত করতে এই গবেষণা করেননি তাঁরা। চিকিৎসকদের পক্ষেও হৃদ্যন্ত্রের সব অস্ত্রোপচারের সময় বিকেলে নির্ধারণ সম্ভব নয়। তবে যেসব রোগীর ঝুঁকি বেশি, তাঁদের বিকেলে অস্ত্রোপচার করাই সঠিক সিদ্ধান্ত হবে।
গবেষকেরা বলছেন, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় ও পরে জটিলতার ঝুঁকি বেশি থাকে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, হৃদ্রোগে কিংবা স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার সকালেই বেশি। আর হৃদ্যন্ত্র ও ফুসফুস বিকেলে সবচেয়ে বেশি সক্রিয় থাকে।