হেগের আদালতে মুখোমুখি ভারত-পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত গতকাল সোমবার আন্তর্জাতিক বিচারালয়ের শুনানিতে বলেছে, জাতিসংঘের এ আদালতের সিদ্ধান্তের আগেই পাকিস্তান ভারতের নাগরিক কুলভূষণ যাদবকে ফাঁসি দিতে পারে। তবে পাকিস্তান বলেছে, গুপ্তচরবৃত্তির দায়ে সাজা পাওয়া কুলভূষণের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে না। এর জন্য ছয় মাস সময় আছে।
গত মাসে পাকিস্তানের একটি সামরিক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড দেন। গত সপ্তাহে ভারত নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের শীর্ষ আদালতে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করে।
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী হরিশ সালভে আদালতকে বলেন, ‘পরিস্থিতি গুরুতর। এটি একটি জরুরি পরিস্থিতি।’