হেগেলের মনোনয়ন পিছিয়ে দিয়েছেন রিপাবলিকানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চাক হেগেলের মনোনয়ন নিশ্চিত করা নিয়ে সিনেটের ভোটাভুটি বিলম্বিত করে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিরক্ষামন্ত্রী পদে সম্প্রতি হেগেলকে মনোনয়ন দেন। সিনেটের সংখ্যালঘু রিপাবলিকান সদস্যরা বলেছেন, সিনেটর চাক হেগেলের ব্যাপারে তাঁদের মনে এখনো প্রশ্ন রয়ে গেছে। তবে তাঁর মনোনয়নের ওপর এ মাসেরই শেষ দিকে সরাসরি ভোটাভুটিতে (আপ-অর-ডাউন ভোট) তাঁরা সম্মত রয়েছেন।হেগেলের সমর্থকেরা বলেন, আফগানিস্তানে এখনো মার্কিন সেনা মোতায়েন থাকা এবং সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য দ্রুত একজন নেতার প্রয়োজন। সিনেটে বর্তমানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ ৫৫টি ভোট রয়েছে। তবে হেগেলের মনোনয়ন নিশ্চিত করা ও এ মনোনয়ন নিয়ে বিতর্কের অবসানে ৬০টি ভোট প্রয়োজন। সব মিলিয়ে ডেমোক্র্যাটদের একটি ভোট কম রয়েছে। হেগেলের মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা তাঁর দায়িত্ব চালিয়ে যাবেন।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ইস্যুতেও রিপাবলিকান সিনেটররা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চাক হেগেলের মনোনয়নের পেছনে মার্কিন সিনেটের স্পষ্টত সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে। আর তাই আজকের (বৃহস্পতিবার) এ পদক্ষেপ সিনেটের সংখ্যাগরিষ্ঠ মতামত ও একই সঙ্গে আমাদের জাতির স্বার্থের পরিপন্থী।’ বিবিসি।