হেডলিকে জিজ্ঞাসাবাদ করবেন ভারতের তদন্ত কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলার পরিকল্পনার দায় স্বীকার করা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ভারত। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে রাজি হয়েছে। গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এ কথা জানান।এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের সঙ্গে টেলিফোনে কথা বলেন পি চিদাম্বরম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগীয় রীতি অনুসরণ করে আমরা হেডলিকে জিজ্ঞাসাবাদ করতে পারব। আমাদের তদন্ত কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।’বিভিন্ন সূত্রে জানা যায়, হেডলির বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেক তথ্যপ্রমাণ ভারত সরকারের কাছে রয়েছে।হেডলিকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাক। তিনি বলেন, হেডলিকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের তদন্ত কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার শিকাগোর আদালতে ২০০৮ সালে মুম্বাইয়ে হামলা ও ডেনমার্কের একজন কার্টুনিস্টের ওপর হামলার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেন হেডলি।পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য হেডলির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ১২টি অভিযোগ আনা হয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে তাঁকে ও তাঁর একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।