হেনস্তার শিকার দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সেই ব্যঙ্গচিত্র নিয়ে এবার ধাক্কা খেল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। রাজ্য মানবাধিকার কমিশন এই ব্যঙ্গচিত্র-পরবর্তী ঘটনায় দুই ব্যক্তিকে হেনস্তা করার দায়ে রাজ্য সরকারকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। হেনস্তার শিকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের শিক্ষক অম্বিকেশ মহাপাত্র এবং তাঁর আবাসনের সমবায় সমিতির সম্পাদক সুব্রত সেনগুপ্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং রেলমন্ত্রী মুকুল রায়কে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রচার করার অভিযোগে গত ১২ এপ্রিল অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে গ্রেপ্তার করা হয়। পরদিন অবশ্য তাঁরা জামিনে মুক্তি পান। এ ঘটনার পর রাজ্য মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত করে। মানবাধিকার কমিশন সোমবার রাজ্য সরকারকে অম্বিকেশ ও সুব্রতকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ‘দিদি’ সম্বোধন করে বিপাকে: সরকারি কর্মকর্তাদের মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করা রীতিবিরুদ্ধ। গত ২৭ জুলাই বীরভূম জেলার বোলপুরে এক বৈঠকে কর্মকর্তাদের পরিচয় পর্বে সবাই মমতাকে মাননীয় মুখ্যমন্ত্রী বা ম্যাডাম বলে সম্বোধন করেন। কিন্তু এক প্রকৌশলী বলেন, ’দিদি নমস্কার’। তখন কিছু বলেননি মমতা। পরে কারণ দর্শাও নোটিশ জারি করা হয় ওই প্রকৌশলীর বিরুদ্ধে। জানতে চাওয়া হয়েছে কেন সরকারি নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে তিনি ‘দিদি’ বলে সম্বোধন করেছেন।