হেফাজতের ব্যানারে সক্রিয় হচ্ছে ইসলামপন্থীরা: গার্ডিয়ানের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ব্যানারে সংগঠিত হচ্ছে বাংলাদেশের কট্টর ইসলামপন্থীরা। ‘দ্য গার্ডিয়ান’-এ আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হেফাজতে ইসলাম ক্রমে শক্তিশালী হচ্ছে। প্রতিবেদনটিতে হেফাজতে ইসলামের উত্থান, বর্তমান অবস্থা এবং এ নিয়ে বাংলাদেশের বিশ্লেষকদের অবস্থান তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের মাদ্রাসাটি (হাটহাজারী মাদ্রাসা) পুলিশি নজরদারিতে আছে। ওই মাদ্রাসায় ১২ হাজার কোরআন শিক্ষার্থী ছাত্র আছে যারা শাহ আহমদ শফীর নেতৃত্ব মানে। তিনি দেশের বৃহত্তম কট্টর ইসলামী আন্দোলনের প্রধান। তাঁর নেতৃত্বেই ১৩ দফা বাস্তবায়নে পাঁচ লাখের বেশি লোক গত ৫ মে রাজধানী ঢাকার রাস্তায় বিক্ষোভ করতে নামে। হেফাজতের ওই ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রকাশ্যে নারী-পুরুষের মেলামেশা বন্ধ করা, ভাস্কর্য অপসারণ এবং সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা’।

ওইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজতের ৫০ জন নিহত হয় এবং কয়েকজন নেতা গ্রেপ্তার হয়। তখন থেকেই গ্রেপ্তার এড়াতে গণমাধ্যমকে আড়াল করে চলছে হেফাজত। তিন বছর আগে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে গড়ে উঠা ওই সংগঠনটি নিয়েই এখন উদ্বিগ্ন সরকার।

প্রতিবেদনে শফীর সঙ্গে আলাপচারিতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে প্রতিবেদকেরা মাদ্রাসায় ঢুকেন। ৯৩ বছর বয়সী শফী দুপুরের ঘুমের পর তাঁদের সঙ্গে দেখা করেন। শফীর পক্ষ থেকে একজন প্রতিবেদকদের সঙ্গে কথা বলেন। তিনি তখন নামাজ ও ইবাদতে মশগুল ছিলেন। কেবল একবারের জন্য বলেন, ‘সর্বোপরি আমরা রাজনীতিতে আগ্রহী নয়। আমাদের উদ্দেশ্য মহত্ ও ধর্মকেন্দ্রিক।’

হেফাজতের উত্থান প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের সমানাধিকারের বিরোধীতা করে ২০১০ সালে সংগঠনটির প্রতিষ্ঠা। তবে চলতি বছরের এপ্রিলে ঢাকার রাস্তায় সেক্যুলারদের বিক্ষোভের পর সংগঠনটি নতুনভাবে জেগে উঠে।

প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ সংঘটনকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে হাজার হাজার লোক শাহবাগ চত্বরে জড়ো হয়। তবে কট্টরপন্থী মুসলমানরা (হেফাজতে ইসলাম) ওই আন্দোলন সংশ্লিষ্ট কয়েকজন ব্লগারের কথিত ধর্মবিদ্বেষী কিছু বক্তব্য প্রচার করতে থাকে। সংগঠনটির একজন সহকারী সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ১৩ দফা দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

হেফাজত প্রসঙ্গে প্রতিবেদনে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহারের বক্তব্য নেওয়া হয়। ফরহাদ বলেন, ‘এটি মূলত গ্রামাঞ্চলের কম শিক্ষিত গরিব লোকদের প্রতিনিধিত্ব করে, যারা সব সময় শহুরে মধ্যবিত্তদের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে। এই সংগঠনের কোনো কিছুই সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। তবে কোণঠাসা করে রাখলে তারা আরও কট্টর অবস্থানে চলে যেতে পারে।’

সংগঠনটির সহকারী সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের স্কুলগুলোতে (মাদ্রাসা) সবচেয়ে ভালো ইমাম তৈরি করি। তারা পরবর্তী সময়ে উপসাগরীয় দেশ, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে যায় এবং তাঁরা আমাদের আর্থিকভাবে সহায়তা করে।’

হেফাজত বাংলাদেশের প্রতিষ্ঠিত কিছু রাজনৈতিক দলগুলো নিজেদের পাশে পাচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এর আগে ওই দলগুলোর মধ্যে এ ধরনের ঐক্য দেখা যায়নি। দলটির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায়ে তাদের কয়েকজন নেতার আটক হওয়ার পর থেকেই নাজুক অবস্থায় আছে বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিলো সেক্যুলারপন্থা। ওই সময়ে বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান থেকে নিজেদের আলাদা করেছিল। হেফাজতের উত্থানকে সেক্যুলারপন্থার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে প্রতিবেদনটিতে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য উদ্ধৃত করা হয়। আলী রিয়াজ বলেন, সেক্যুলারিজম শেষ এটা বলা ঠিক হবে না। তবে গত ৩০ বছর ধরে ইসলামপন্থার উন্মেষ রাজনৈতিক তর্ক (ডিসকোর্স) ও বিষয়কে প্রভাবিত করেছে এবং এক ধরনের সামাজিক আচরণে উদ্বুদ্ধ করেছে।’